গাজীপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- বিশ্ব ইজতেমায় এক বিদেশিসহ আরো চার মুসল্লি মারা গেছেন।
জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে কর্মরত গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল চৌধুরী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় এ।
সুব্রত জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে মালয়েশিয়ার নাগরিক আবু বকর বিন এস মনসুর (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পাসপোর্ট নং-এ ১৫৪৪৩৪৬৪ ।
শনিবার রাতে মারা যায় আরো তিন মুসুল্লি। এরা হলেন সিলেট জেলার গোয়াইন ঘাট থানার তাজ শেওতি গ্রামের মুসা মিয়া (৭০), চট্টগ্রামের হালিশহরের ফরিদউদ্দিন (৬০) এবং ভোলা জেলার লালমোহনের আজিজুল্লাহ (৫৫)।
রোববার ফজর নামাযের পর বাংলাদেশি তিনজনের জানাজা হয়। পরে তাদের লাশ নিজ বাড়িতে পাঠানো হয়।
ইজতেমা মাঠের লাশ বিষয়ক জিম্মাদার আদম আলী জানান, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে আবু বকর বিন এস মনসুরের দাফন হবে ইজতেমাস্থলের কবরস্থানে।
বৃহস্পতিবার রাতে ইজতেমায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান ঢাকার কে এম দাস লেনের বাসিন্দা শফিকুর রহমান (৪৫) এবং একই রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জর রানীগঞ্জের আব্দুর রহমান মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১২১৯ ঘ.
bdnews24