ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিল পাসের প্রায় দেড় মাস এবং তাতে রাষ্ট্রপতির সই করার প্রায় একমাস পর রোববার থেকে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম অনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) হচ্ছে।
শনিবার রাতে বিডিআরের উপ-মহাপরিচালক (ডিডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে পিলখানায় আনুষ্ঠানিকভাবে বিজিবির পতাকা উত্তোলন করবেন।
এর মধ্য দিয়ে 'বিজিবির' যাত্রা শুরুর পাশাপাশি 'বিডিআর' নামের সমাপ্তি ঘটবে।
ওবাইদুল হক বলেন, বিডিআরের পতাকার নকশা কিছুটা পরিবর্তন করে বিজিবির পতাকা করা হয়েছে।
গত ১ জানুয়ারি এক অনুষ্ঠানে মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, তিনি বিডিআরের মহাপরিচালক; বিজিবির নন। যে দিন আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন হবে, সেদিন থেকেই তিনি বিজিবির মহাপরিচালক হিসাবে নিজের পরিচয় দেবেন।
তবে সেদিন তিনি আরও বলেছিলেন, "যেহেতু আইন পাশ হয়েছে, সে কারণে এখন কোনো মিডিয়া তাকে বিজিবির মহাপরিচালক লিখলে বা বললে ভুল হবে না।"
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহ ও রক্তাক্ত ঘটনাপ্রবাহের পর বাংলাদেশ রাইফেলসের নাম বদলসহ এই সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠনের উদ্যোগ নেয় সরকার।
গত ৮ ডিসেম্বর 'বর্ডার গার্ডস বাংলাদেশ বিল-২০১০' জাতীয় সংসদে পাস হয়। ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাতে সই করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩০২ ঘ.
bdnews24