১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবান্ধা দিয়ে বাংলাদেশ-ভারত বাণিজ্য শুরু

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এ কার্যক্রম উদ্বোধন করেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

পঞ্চগড়, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এ বাণিজ্য কার্যক্রম শুরুর ঘোষণা দেন। বাংলাবান্ধার বিপরীতে ভারতের ফুলবাড়িতে এক সভায় দুই দেশের মন্ত্রী ও অতিথিরা বক্তব্য রাখেন। এ উপলক্ষে দুই দেশের সীমান্ত এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুই সীমান্তের ব্যবসায়ীসহ কয়েক হাজার নারী-পুরুষ উদ্বোধন কার্যক্রম দেখেন। বাংলাবান্ধা ও ফুলবাড়িকে রঙবেরঙের পতাকা দিয়ে সাজানো হয়। দিনাজপুর কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ডিভিশনের কর্মকর্তা মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমদিন ভারতের পাথর বোঝাই দু'টি ট্রাক বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকে দুই ট্রাক ওয়েস্ট কটন ভারতে যায়। বাংলাবান্ধা জিরো লাইনে মতিয়া চৌধুরী ফিতা কাটার পর ফুলবাড়ি থেকে দুই মন্ত্রী একসঙ্গে পতাকা দেখিয়ে দু'দেশের পণ্যবাহী ট্রাক পারপারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে মতিয়াসহ বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলকে ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলবাড়ি নিয়ে যান। সেখানে ভারতের অর্থমন্ত্রী তাদের স্বাগত জানান। সেখানে আয়োজিত সভায় এই দু'মন্ত্রী ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য বক্তব্য রাখেন। ওই সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদা আখতার হীরা, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার রাজীত মিত্র, পঞ্চগড় চেম্বারের সভাপতি ইকবাল কায়সার মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান সাংবাদিকদের বলেন, দুই মন্ত্রী বাংলাবান্ধাকে সম্ভাবনাময় উল্লেখ করে খুব শিগগিরই এ রুট দিয়ে বাণিজ্য কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরুসহ ইমিগ্রেশন চালুর প্রতিশ্র"তি দেন। বিকালে বাংলাবান্ধায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আগামী তিনমাসের মধ্যে ইমিগ্রেশনসহ পূর্ণাঙ্গ আমদানি-রপ্তানি কার্যক্রম চালুর প্রতিশ্র"তি দেন। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে চালু হয়েছিল বলে চারদলীয় জোট সরকার বাংলাবান্ধাকে পূর্ণাঙ্গ রূপ দিতে আগ্রহ দেখায়নি। কিন্তু বর্তমান সরকার এ এলাকার আর্থ-সামাজিক অবস্থা ও জনস্বার্থ বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নিয়েছে। তাই আজ দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রম শুরু হল। সিঅ্যান্ডএফ এজেন্ট এসকে ইম্পেকসের শ্যামল কিশোর দাস বলেন, "রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী আজ আমরা শুধু পাথর আমদানি করেছি। অনেকেই অন্য পণ্য আনতে আগ্রহী ছিলেন। কিন্তু প্রজ্ঞাপন না থাকায় পারেননি।" বাণিজ্য কার্যক্রমকে সফল রূপ দিতে খুব শিগগিরই তিনি নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানান। পশ্চিমবঙ্গের ফেডারেশন অফ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক তপন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাবান্ধা ও ফুলবাড়ি দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরুর মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবিটি পূরণ হলো। একে সফল করতে দুই সরকারকেই আন্তরিক হতে হবে। পঞ্চগড় চেম্বারের সভাপতি ইকবাল কায়সার মিন্টু বলেন, দ্রুত ইমিগ্রেশন চালু ও অন্য পণ্যগুলোর প্রবেশাধিকার পাওয়া গেলে বাংলাবান্ধা একটি সম্ভাবনাময় স্থলবন্দরে পরিণত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫২ ঘ.