টাঙ্গাইল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ১৮দিন পর টাঙ্গাইলের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর রেল লাইন এলাকা থেকে আব্দুল মতিন (৬০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামের একটি বাড়ি থেকে ১১ মাস বয়সী অপহৃত নয়নকে উদ্ধার করা হয়।
ওই বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় মতিনের স্ত্রী মরিয়ম বেগমকে (৫০)।
গ্রেপ্তার দু'জনের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার চর কপতাস গ্রামে।
মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, কাপড়ের ব্যবসায়ী পরিচয় দিয়ে মফিজ নাম নিয়ে আব্দুল মতিন মির্জাপুরের নাজিরপাড়া গ্রামের আব্দুল লতিফের বাসা ভাড়া নেয়।
গত ৪ জানুয়ারি বাড়ির মালিক লতিফের নাতি নয়নকে কৌশলে অপহরণ করে মতিন।
পরে ফোনে আব্দুল লতিফের কাছে মতিন ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। লতিফ বিষয়টি পুলিশকে জানান এবং অপহরণকারীকে এক লাখ দেওয়ার কথা বলেন।
সে অনুযায়ী শুক্রবার রাত ৯টার দিকে রসুলপুর রেল লাইনের কাছে ব্যাগে করে ওই টাকা রেখে আসার কথা। শনিবার ভোরে টাকা আনতে গেলে আব্দুল মতিনকে পুলিশ গ্রেপ্তার করে।
আদালতের মাধ্যমে অপহৃত শিশুকে তার বাবা-মা'র কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24