ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইকে ঘোষণা হলো, "চার লাইন কবিতা পড়বে আমার সাথে?"
গগণবিদারী চিৎকারে জবাব এলো- "হ্যাঁ, পড়বো।"
"অনেক বই পড়বো এবার, অনেক বই পড়বো; বইয়ের পাতায় লুকিয়ে থাকা, স্বপ্নগুলো ধরবো"- শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও কবি কামাল আব্দুল নাসের চৌধুরীর সঙ্গে 'স্বপ্ন ধরার' কবিতার সাথে কণ্ঠ মেলালো ৫ হাজার ১৮১ জন শিক্ষার্থী।
সবাই এসেছে পুরস্কার নিতে। কোনো প্রতিযোগিতায় জয়ী হয়ে নয়, বইপড়ে পুরস্কার পেয়েছে ওরা।
শুক্রবার রমনা বটমূলে বসেছিলো ঢাকা মহানগরীর ৭১টি স্কুলের বইপড়ে পুরস্কার বিজয়ী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও গুণীজনদের মিলনমেলা।
'আলোকিত মানুষ' তৈরীর স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এসব শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়েছে।
দু'দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন দুটি অধিবেশনে ৩ হাজার ১৯৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কচি প্রাণের স্পর্শ, খুব ভালো লাগছে। এগুলো জীবনকে বাঁচিয়ে রাখে। জীবনকে তরুণ রাখে। এজন্য আমি বুড়ো হচ্ছি না।"
ছেলেমেয়েদের বই পড়ায় উৎসাহী করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি বলেন, "একজন পাঠক মানেই চিন্তাশীল মানুষ।"
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী বলেন, "সাহিত্য জানা থাকলে পথ চলার নির্দেশ পাওয়া যায়। সবারই পড়া উচিত।"
লেখক-শিক্ষক মুহাম্মদ জাফর ইকবাল বলেন, "ছেলেমেয়েরা বই পড়ে কল্পনা করতে শেখে। বইয়ে বিনোদনের অনেক কিছুই আছে। সেখান থেকে সঠিক জিনিসটি বেছে নিতে হবে।"
ছাত্রছাত্রীদের চার শ্রেণীতে ভাগ করে শুক্রবার ১ হাজার ৬০২ জনকে স্বাগত পুরস্কার, ৯৩৪ জন শুভেচ্ছা পুরস্কার, ৪৪৯ জনকে অভিনন্দন পুরস্কার এবং ২১৩ জনকে বিশ্বসাহিত্য কেন্দ্র পুরস্কার দেওয়া হয়েছে।
যে সব স্কুলের ১৫ জনের বেশি বিশ্বসাহিত্য কেন্দ্র পুরস্কার পেয়েছে তাদের মধ্য থেকে লটারি করে ১৫ জনকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১ হাজার টাকা সমমূল্যের বই।
এছাড়া ৫ হাজার ১৮১ জন শিক্ষার্থীর মধ্য থেকে লটারি করে আরো ১৪ জন ছাড়াও তিন জন অভিভাবক বিশেষ উপহার হিসেবে পেয়েছেন ১ হাজার টাকা সমমূল্যের বই।
পুরস্কারপ্রাপ্ত ইউসেফ হাজী শফিউল্লাহ স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নূর হোসেন জানায়, এক মাসে ১৬টি বই পড়ে সে পুরস্কার পেয়েছে।
সপ্তম শ্রেণীর শারমিন আক্তার পেয়েছে ১৪টি বই পড়ে।
হলিক্রস স্কুলে অষ্টম শ্রেণীতে পড়
bdnews24