নড়াইল, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর) - চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নড়াইলে শুরু হয়েছে সুলতান মেলা।
মেলা শেষ হবে আগামী ২৫ জানুয়ারি। শেষদিন সুলতান পদক দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যপক শিল্পী আবু তাহের এ বছর সুলতান পদক পাচ্ছেন।
বৃহস্পতিবার বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. মসিউর রহমান।
এস এম সুলতানের ৮৬তম জন্মবার্ষির্কী উপলক্ষে প্রতিবছরের মতো এবারো মেলা আয়োজন জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন।
১৯২৪ সালের ১০ অগাস্ট এই শিল্পী নড়াইলের মাছিমদিয়া গ্রামের জন্ম হয় সুলতানের।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গাউস, পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম ফজলুর রহমান, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান প্রমুখ।
পরে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. মসিউর রহমান বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন।
মেলায় জারিগান, কবিগান, কাবাডি, কুস্তি, লাঠিখেলা চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন রয়েছে।
ছয়দিনের এই মেলার সময় প্রতিদিন বিকালে সুলতান মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.
bdnews24