২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কাঙ্খিত উন্নয়নে সার্ক কার্যকর অপরিহার্য'

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দারিদ্র্য দূরীকরণ ও কাঙ্খিত উন্নয়নে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) কার্যকর করা ছাড়া কোনো বিকল্প নেই। ঐক্যই এ অঞ্চলের উন্নয়নে মূল ভূমিকা রাখতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দারিদ্র্য দূরীকরণ ও কাঙ্খিত উন্নয়নে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) কার্যকর করা ছাড়া কোনো বিকল্প নেই। ঐক্যই এ অঞ্চলের উন্নয়নে মূল ভূমিকা রাখতে পারে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সার্ক দেশগুলোর নাগরিক সমাজের সংগঠন 'জনগণের সার্ক' আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ অভিমত দেন। গত মঙ্গল ও বুধবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে অনুষ্ঠিত 'নতুন দক্ষিণ এশিয়ার প্রত্যাশা : জনগণের ভাবনা' শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের ঘোষণাপত্র ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। 'ইক্যুইটিবিডি' এবং 'দক্ষিণ এশীয় দারিদ্র দূরীকরণ জোট (সাপে)' যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন নেপালের রচিতা শর্মা জুলিয়ান। রচিতা শর্মা বলেন, "দক্ষিণ এশিয়ার দেশগুলোর সমস্যাগুলো সমাধানে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বর্তমানে প্রবর্তিত এবং কার্যত ব্যর্থ নয়া উদার নীতির মাধ্যমে এর সমাধান দেখা যাচ্ছে না। এ অঞ্চলের দেশগুলোর সমন্বিত সহযোগিতাই জনগণের সমস্যা সমাধান করতে পারবে।" সন্ত্রাস দমন এবং অবৈধ বাণিজ্য বন্ধের নামে যেকোনো হত্যা নিন্দাযোগ্য- এমন মন্তব্য করে ভারতের যতীন দেশাই বলেন, "সত্যিকারে সন্ত্রাস দমনে সার্ক নেতাদের সমঝোতায় আসতে হবে।" পাকিস্তানের কেরামত আলী বলেন, "দক্ষিণ এশিয়ার মানুষের মৌলিক অধিকার এবং জীবন- জীবিকা সংরক্ষণে এ অঞ্চলের দেশগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য এক হতে হবে। পানি সমস্যা সমাধানে একটি যৌথ নীতিমালা প্রয়োজন।" ইক্যুইটিবিডি'র রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে নেপালের ড. সর্বরাজ ঘাটকা ও বাংলাদেশের রোকেয়া কবিরও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২০৩০ ঘ.