ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিরাচরিত আইনের ধারার ব্যত্যয় ঘটিয়ে কর্নেল তাহেরের বিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মো. মহিবুল হক।
হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে হাজির হয়ে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার হাইকোর্টের এই বেঞ্চ তাহেরের গোপন বিচার চলাকালীন বাংলাদেশ থেকে বহিষ্কৃত হংকং থেকে প্রকাশিত পত্রিকা ফার-ইস্টার্ন ইকোনোমিক রিভিউ এর সাংবাদিক লরেন্স লিফৎসুজকে আগামী ২৬ জানুয়রির মধ্যে আদালতে উপস্থিত হওয়ার অনুরোধ জানায়।
গোপন আদালতে তাহেরের বিচার সংক্রান্ত নথি আছে কি না জানতে বুধবার একই বেঞ্চ মহিবুল হককে তলব করে।
বৃহস্পতিবার সকাল ১০টায় আদালতে হাজির হয়ে মহিবুল হক জানান, যে কোনো মামলার রায়ের পর প্রশাসকের কার্যালয়ে একটা কপি আসে কিন্ত এ মামলার রায়ের কপি তিনি খুঁজে পাননি।
তিনি আরো উল্লেখ করেন যশোরে জেলা প্রশাসক (ডিসি) হিসাবে দায়িত্ব পালন কালে তিনি দেখেছেন শের শাহের আমলের নথিও
সেখানে রয়েছে।
তিনি বলেন, বেসামরিক প্রশাসনকে না জানিয়ে এ মামলার কার্যক্রম চালানো হয়েছে।
তাহেরের মামলায় দণ্ডিত কর্পোরাল আব্দুল মজিদও আদালতে বক্তব্য রাখেন।
তিনি বলেন, "তাহেরের বিরুদ্ধে সাক্ষ্য না দেওয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ করা হয়।"
এর আগে মঙ্গলবার ১৯৭৬ সালে তাহেরের গোপন বিচার চলাকালে ঢাকার ডিসি হিসাবে দায়িত্বপালনকারী এমএম শওকত আলী হাইকোর্টের নির্দেশে আদালতে হাজির হন।
তিনি বলেন, "গোপন আদালতে না করে সাধারণ আদালতে কর্নেল তাহেরের বিচার করলে তা স্বচ্ছ হতো।"
আদালত ওইদিন কর্নেল তাহেরের বিচারের সময় সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশুকে আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
১৯৭৫ সালের নভেম্বর থেকে '৭৬ এর অগাস্ট পর্যন্ত সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশুসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম, ঠিকানা ও অবস্থান আগামী ১৮ জানুয়ারির মধ্যে জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে গত ১২ জানুয়ারি নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।
এ ছাড়া ওই সামরিক আদালতের সদস্য ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলী ও হাসান মোরশেদ এবং উইং কমান্ডার আব্দুর রশিদ ও অ্যাকটিং কমান্ডার সিদ্দিক আহমদের অবস্থানও এ সময়ের মধ্যে জানাতে বলা হয় সংস্থাপন ও প্রতিরক্ষা সচিবকে।
১৯৭৬ সালের ৪ জুন তাহেরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার এজাহার জমা দিতেও নির্দেশ দেয় আদালত।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ ২৩ অগাস্ট হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
তাদের আবেদনের পর সেই গোপন বিচারের নথি তলব করে হাইকোর্ট। একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/আরএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24