ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর লুকিয়ে থাকা দুই খুনিকে খুঁজে বের করে ফেরত দেওয়ার আশ্বাস ভারতের পক্ষ থেকে পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাইয়ের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের জন্য ঢাকায় আসা পিল্লাই সকালে সাহারার সঙ্গে দেখা করেন।
সাহারা বলেন, "আমরা জানতে পেরেছি বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি রিসালদার মোসলেম উদ্দিন ও আব্দুল মাজেদ ভারতে লুকিয়ে আছে। এই দুইজন কোথায় লুকিয়ে আছে, তা বের করার জন্য ভারতের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে তাদের কাছে রেড কর্নার নোটিশ দেওয়া হয়েছে।"
"এই দুজনকে খুঁজে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তারা সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেছেন", বলেন তিনি।
বঙ্গবন্ধু মামলার চুড়ান্ত বিচারে মৃত্যুদণ্ড পাওয়া ১২ আসামির মধ্যে খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এএম রাশেদ চৌধুরী, এস এইচ বি এম নূর চৌধুরী, মোসলেমউদ্দিন ও আব্দুল মাজেদ পালিয়ে আছেন।
গত বছরের ২৭ জানুয়ারি মৃত্যুদণ্ড পাওয়া সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ, বজলুল হুদা, এ কেএম মহিউদ্দিন ও মহিউদ্দিন আহমেদের ফাঁসির রায় কার্যকর হয়।
গত বছর শেখ হাসিনার ভারত সফরের কথা উল্লেখ করে সাহারা খাতুন বলেন, মাদক চোরাচালান বন্ধ, সীমান্ত নিরাপত্তা, মানব পাচার বন্ধ, সীমান্তের অপদখলীয় ভূমি উদ্ধার, ছিটমহল সমস্যা সমাধান করাসহ বিভিন্ন ইস্যু নিয়ে সে সময় আলোচনা হয়েছিলো।
মন্ত্রী জানান, স্বরাষ্ট্র সচিব পর্যায়ে তা আবার আলোচনা হয়েছে। এসব ব্যাপারে ফলপ্রসূ সিদ্ধান্ত এসেছে।
কুড়িগ্রাম সীমান্তে শিশু ফেলানীর হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে জানিয়ে সাহারা বলেন, "ভারতের স্বরাষ্ট্র সচিবকে এ ব্যাপারে বলা হয়েছে, ফেলানীকে এভাবে হত্যার পর বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে।"
দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সমাধানে আসা যাবে বলে আশা করছেন মন্ত্রী।
সীমান্ত এলাকায় ফেনসিডিল কারখানাগুলো ভারত বন্ধ করবে বলে জি কে পিল্লাইয়ের আশ্বাস পাওয়া গেছে বলে জানান মন্ত্রী।
তিনি আরো জানান, কিছুদিনের মধ্যে বাংলাদেশে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী আসবেন। তখন দুই দেশের অমীমাংসিত সমস্যা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে।
স্বরাষ্ট্র সচিব সোবহান সিকদার বলেন, দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে দহগ্রাম, আঙ্গরপোতায় বিদ্যুৎ সংযোগ ও তিন বিঘা করিডোরে ২৪ ঘণ্টা চলাচল এবং আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাবান্ধা চেকপোস্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ছিটমহল সমস্যা সমাধানে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24