২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, মামলা দায়ের

চট্টগ্রাম আদালতে পুলিশ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 06:38 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালতে পুলিশ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এছাড়া ফটিকছড়িতে সাকা চৌধুরীর বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার বাদী আবু তাহের একটি সাধারণ ডায়েরি করেছেন। বুধবার রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন থানার উপ-পরিদর্শক গোলাম আবসার। জিডিটিও হয় ওই রাতেই। গোলাম আবসারের করা মামলায় ৫২ জনের নাম উল্লেখসহ দেড়শ' জনকে আসমি করা হয়। অভিযুক্ত সবাই বিএনপি সমর্থক ও সাকার অনুসারী। মামলায় পুলিশের উপর হামলা এবং কর্তব্য কাজে বাধাদানের অভিযোগ আনা হয়েছে। কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ মামলা ও জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথির বরাত দিয়ে পুলিশ জানয়, সাকা চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলার বাদী ফটিকছড়ির আবু তাহের সোয়া একটার দিকে তার অনুসারী ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে আাদলত ভবন চত্বরে মিছিল শুরু করলে সাকা'র অনুসারী বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় এবং পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একপর্যায়ে সাকা'র অনুসারীদের মৃদু লাঠিপেটা করে। এ সময় বিএনপি নেতা শাহাদত হোসেন ও সাকা চ্যেধুরীর পরিবারের সদস্যরা ওখানে উপস্থিত ছিলেন। এদিকে জীবনের ওপর হামলার আশঙ্কা করে সাতজনের নামে জিডিটি করেছেন আওয়ামী লীগকর্মী আবু তাহের। জিডিভুক্তদের মধ্যে রয়েছেন- মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, ফায়াজ কাদের চৌধুরী, মেয়ে ফারহানা কাদের চৌধুরী ও মহিলা দল নেত্রী ফেরদৌস আরা। আরেকজনের নাম পাওয়া যায়নি। গত বছরের ২০ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী তার নির্বাচনী এলাকা ফটিকছড়িতে উপজেলা বিএনপি'র সম্মেলনে বক্তব্যে বলেন, "১৫ অগাস্ট জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এদিন জাতি একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে। ১৫ অগাস্ট না হলে জাতি ভোটের অধিকার ফিরে পেত না।" এসব বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বলে মামলার বাদী মফিজউদ্দিন এজাহারে উল্লেখ করেন। এর আগে ফটিকছড়ির বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী আবু তাহের ২০০৯ সালের ৩ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১০ সালের ৭ অক্টোবর মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে অনুমোদন দেয়। গত ১৬ ডিসেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীকে রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে যুদ্ধাপরাধের মামলায়ও ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০২২ ঘ.