নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বস্ত্রকলে ডাকাতির সময় আটক এক ডাকাত গণপিটুনিতে মারা গেছে।
গুরুতর আহত হয়েছে আরো এক ডাকাত।
অন্যদিকে ডাকাতদের হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোরে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ডাকাতের নাম- আব্দুর রশিদ (৩৫)। তার বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোররাত ৩টার দিকে আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার মা টেক্সটাইল মিলে ৫০/৬০ জনের একদল ডাকাত হানা দেয়।
ডাকাতেরা মিলের দেয়াল টপকে ভেতের প্রবেশ করে এবং ধারালো অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে ফেলে।
এ সময় মিলে ৫০ জন শ্রমিক কাজ করছিলো। বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের মারধর করে। আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে।
আহতদের মধ্যে হালিম (৩২), আমির হোসেন সোহেল (৩০) ও আব্দুর রহিমকে (৩৫) আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ও টহল পুলিশ এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। দুই ডাকাত পার্শ্ববর্তী গ্রাম নাগের চরে পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন তাদের ঘিরে ফেলে।
গণপিটুনিতে ঘটনাস্থলেই রশিদ মারা যান। আহত অপর ডাকাত মোখলেছকে (৪৫) পুলিশ গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে।
অন্য ডাকাতরা দুটি পিকআপ ভ্যানে করে চরের দিকে পালিয়ে যায়।
শ্রমিকরা জানায়, ডাকাতরা তাদের কাছ থেকে ৪৫টি মোবাইল ফোনসেট ও মিলের আলমারী ভেঙ্গে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪০ ঘ.
bdnews24