ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের কোনো কার্যক্রম সম্পর্কে সংসদীয় স্থায়ী কমিটি বা অন্য কারো কাছে জবাবদিহির বাধ্যবাধকতা নেই- গত ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার চূড়ান্ত সিদ্ধান্তে এ কথা বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সুপ্রিম কোর্টের একটি নির্ভরযোগ্য সূত্র ওই সভার চূড়ান্ত লিখিত সিদ্ধান্ত বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সব বিচারপতিকে নিয়ে বৃহস্পতিবার আবার সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
৩ জানুয়ারি সভার চূড়ান্ত সিদ্ধান্তে বলা হয়েছে, "অধস্তন আদালতের শৃঙ্খখলা ও নিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শের জন্য সরকারের কাছ থেকে অনুরোধ করা হলে এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র ও স্বাধীন কর্ম প্রক্রিয়ায় ও আবশ্যকতা অনুযায়ী পরামর্শ দিয়ে থাকে। তবে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার স্বার্থে সুপ্রিম কোর্টের কোনো কার্যক্রম সম্পর্কে সংসদীয় স্থায়ী কমিটি বা অন্য কারো নিকট সুপ্রিম কোর্টের জবাবদিহিতা নেই।"
সিদ্ধান্তে আরও বলা হয়, সংসদীয় স্থায়ী কমিটি কোনো কার্যক্রম সম্পর্কে জবাবদিহির জন্য সুপ্রিম কোর্টের কোনো কর্মকর্তাকে তলব, আহবান বা অনুরোধ করতে পারে না। প্রয়োজনে সংসদীয় স্থায়ী কমিটি এ বিষয়ে অনুরোধকারী মন্ত্রণালয়ের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারে।
ওই সভায় বিচারকদের অভিমত হলো- সংসদীয় স্থায়ী কমিটির নিঃসন্দেহে একটি উচ্চমর্যাদা সম্পন্ন কমিটি। কিন্তু সুপ্রিম কোটের কেনো কার্যক্রম সম্পর্কে জবাবদিহিতার জন্য সুপ্রিম কোর্টের কোনো কর্মকর্তাকে তলব বা আহবান করা উচিৎ নয়।
অভিমতে বলা হয়, সংসদীয় স্থায়ী কমিটি ওইভাবে সুপ্রিম কোর্টের কাছ থেকে জবাবদিহিতা প্রত্যাশা করলে এবং সুপিম কোর্ট ওই প্রত্যাশা অনুযায়ী জবাবদিহিতা করলে তা ক্ষমতা পৃথকীকরণের মৌলিক স্তম্ভ নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে।
বিচারকরা আরো অভিমত দেন যে, ক্ষমতা পৃথকীকরণের ওই নীতি অনুযায়ী জাতীয় সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ- রাষ্ট্রের এই তিনটি স্তম্ভ নিজ নিজ ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তবে একটি বিভাগ অন্যটির পরিপূরক। তাছাড়া সংসদীয় কমিটির ওই প্রত্যাশা বিচার বিভাগীয় স্বাধীনতার মূল স্তম্ভ নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে।
বৃহস্পতিবার অনুষ্ঠেয় ফুল কোর্ট সভায় ১৬ যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওই নির্ভরযোগ্য সূত্রটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।
গত ২০ ডিসেম্বর আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, সংসদীয় কমিটি চাইলে যে কোনো সরকারি চাকরিজীবীকে কমিটির সামনে হাজির হতে হবে- এমন একটি আইনের খসড়া আইন মন্ত্রণালয় তৈরি করেছে।
তার ওই বক্তব্যের পর থেকেই সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহিতা নিয়ে বিতর্ক চলছে।
২১ ডিসেম্বর কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগ কার কাছে জবাবদিহি করবে সে বিষয়ে আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের কাছে ব্যাখ্যা চেয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এরপর ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সুপ্রিম কোর্টের বিচারকরা এ বিষয়ে তাদের মত প্রকাশ করেন। সভায় বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদ সার্বভৌম নয়। তাই সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে সুপ্রিম কোর্ট বাধ্য নয়।
পরদিন ৪ জানুয়ারি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাংলাদেশের সংসদ সার্বভৌম এবং সংসদের কাছে জবাবদিহি করতে সবাই বাধ্য।
চলমান এ বিতর্কের প্রেক্ষাপটে গত ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এক অনুষ্ঠানে বলেন, সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ কেউ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। বরং সবার জবাবদিহিতা জনগণের কাছে।
প্রধান বিচারপতির ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার এক আলোচনা সভায় বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেন, "সরকার এক দলীয়ভাবে সংসদের কার্যক্রম পরিচালনা করায় প্রধান বিচারপতির হয়তো মনে হয়েছে সংসদ সার্বভৌম নয়।"
বিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এইচএ/২৩২০ঘ.
bdnews24