ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের গোপনীয় শাখার (সিআর) একটি কক্ষে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সচিবালয়ের ৩ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অবশ্য অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন কর্মচারীরা।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দীলিপ কুমার ঘোষ সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
সিআর শাখার এ কক্ষটিতে শাখা কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব দেলোয়ারা বেগম বসেন।
কর্মচারিরা জানান, হঠাৎ শব্দ হয়ে আগুনের ঝলকানি দেখা যায়। সঙ্গেসঙ্গেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও এর আগেই কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/পিডি/২০১১ ঘ.
bdnews24