ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞাপনশিল্পী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি (২৪) হত্যা মামলার অধিকতর তদন্তের আবেদন ও সাক্ষ্যগ্রহণ হয়নি।
তিন্নির বাবা মাহবুবুল করিম বুধবার আদালতে না আসায় অধিকতর তদন্তের আবেদন করা হয়নি। অন্যদিকে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি।
এ মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত বিশেষ কৌঁসুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "১০ মার্চ তিন্নির বাবা আদালতে এসে অধিকতর তদন্তের আবেদন জানানবেন।"
আগামি ১০ মার্চ মামলাটিতে আবারো সাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য করেছেন ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নতুন বিচারক ফাতেমা নজীব।
গত ২২ নভেম্বরে মামলাটির সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে তিন্নির বাবা সৈয়দ মাহবুবুল করিম সাক্ষ্য না দিয়ে অধিকতর তদন্তের আবেদন করবেন বলে জানান। এ কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন সাক্ষীদের জবানবন্দি না নিয়ে আদালতের কাছে সময় চেয়েছিলেন।
সে সময় ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য আবারো তারিখ রাখেন।
২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গার চীন মৈত্রী সেতুর নিচ থেকে তিন্নির লাশ উদ্ধার করে পুলিশ। মামলার বিবরণে বলা হয়েছে, সাবেক ছাত্রনেতা ও সাংসদ গোলাম ফারুক অভি অনৈতিক সম্পর্ক চাপা দিতে গিয়ে সৈয়দা তানিয়া মাহবুব তিন্নিকে খুন করেন।
কেরানীগঞ্জ থানার সে সময়কার উপ-পরিদর্শক মো. শফিউদ্দিন মামলা করার পর ২০০৮ সালের ৮ নভেম্বর তিন্নির স্বামী শাফাকাত হোসেন পিয়াল, এবায়দুল্লাহ ওরফে স্বপন গাজী, গাজী শরিফউল্লাহ তপন, শফিকুল ইসলাম জুয়েল ও সোমনাথ সাহা বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তিন্নি হত্যার সাথে তাদের কারোরই সম্পৃক্ততা না পাওয়ায় তাদের প্রত্যেককেই অভিযোগপত্র থেকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
অভিযোগপত্রে বলা হয়, অভি এখন কানাডায় রয়েছেন। ৯২ সালে রমনা থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার ১৭ বছর সশ্রম কারাদণ্ডের রায়ের পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে তিনি দেশ থেকে পালিয়ে যান। ২০০৭ সালের ২৬ ফেব্র"য়ারি তার বিরুদ্ধে এ মামলার ঘটনায় রেড অ্যালার্ট নোটিশ জারি করা হয়। ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে আনার চেষ্টা করাও হয়।
হত্যার ব্যাপারে তিন্নির দুই গৃহপরিচারিকার ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৬২৪ ঘ.
bdnews24