ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে মার্চে চূড়ান্ত চুক্তি হতে পারে- জানিয়েছেন একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দবিরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের জানান, প্রস্তাবিত এ বিদ্যুৎকেন্দ্রের কাজ ২০১২ সালে শুরু হয়ে চার-পাঁচ বছরের মধ্যে শেষ হবে।
পাবনার রূপপুরে ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি প্ল্যান্ট থাকবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দবিরুল ইসলাম বলেন, "আগামী মার্চে রাশিয়া সফরে এ চুক্তি স্বাক্ষর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।"
সংসদীয় কমিটি মনে করে পরিকল্পনামতোই ওই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে।
বিদ্যুতের বিপুল চাহিদা মেটাতে ওই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিশ্র"তি নির্বাচনী ইশতেহারে দিয়েছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারিগরি দিক যাচাইয়ে গত বছরের ২২ এপ্রিল একটি কমিটি করে সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে ওই কমিটি।
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন ও রাশিয়ার রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি কোঅপারেশনের সঙ্গে ২০০৯ সালের ১৩ মার্চ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
রূপপুর প্রকল্প নিয়ে আলোচনা করতে রাশিয়ান স্টেট অ্যাটমিক এনার্জি কোঅপারেশনের মহাপরিচালক সের্গেই ভি কিরিয়েনকোর নেতৃত্বে গত বছরের জুন মাসে রাশিয়ার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআর/পিডি/২১৪২ ঘ.
bdnews24