নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি তুলা কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে উপজেলার ধামগড় ইস্পাহানি বাজারে এই ঘটনা ঘটে।
বন্দর ফায়ার সাভির্সের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি গুদামে রাখা বিপুল পরিমাণ তুলা, কাঁচা মাল ও যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল।
প্রত্যক্ষদর্শী ও বন্দর থানা পুলিশ জানায়, মোতালেব মিয়ার মালিকানাধীন রাসেল এন্টারপ্রাইজ নামের তুলার কারখানায় আগুনের সূত্রপাত।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা ৩০/৪০ ফুট ওপরে উঠে যায়।
আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪২ ঘ.
bdnews24