২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরের গোপন বিচার মেজর জেনারেল শিশুকে হাইকোর্টে তলব

কর্নেল তাহেরের বিচারের সময় সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশুকে আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের বিচারের সময় সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশুকে আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। একইসঙ্গে নির্ধারিত দিনে শিশুর হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব এবং পিরোজপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে আদালত। অবশ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নূরুল ইসলাম শিশু সপরিবারে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে বসবাস করছেন। পিরোজপুরের জেলা প্রশাসক বিষয়টি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে নিশ্চিত করেছেন। এদিকে ১৯৭৬ সালে তাহেরের গোপন বিচার চলাকালে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্বপালনকারী এমএম শওকত আলী মঙ্গলবার আদালতে হাজির হন। তিনি বলেন, "গোপন আদালতে না করে সাধারণ আদালতে কর্নেল তাহেরের বিচার করলে তা স্বচ্ছ হতো।" সামরিক আদালতে তাহেরের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদনের পর ১২ জানুয়ারি হাইকোর্ট নূরুল ইসলাম শিশুসহ ওই আদালতের সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত সামরিক কর্মকর্তাদের অবস্থান জানাতে সরকারকে নির্দেশ দেয়। সেই সামরিক আদালতের সদস্য মো. আব্দুল আলী গত ১৩ জানুয়ারি হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে দাবি করেন- নিজের অনিচ্ছায় ও ঢাকার তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে তিনি কর্নেল তাহেরের বিচারে গঠিত আদালতে যোগ দিয়েছিলেন। আব্দুল আলীর এই বক্তব্যের পর ঢাকার তৎকালীন জেলা প্রশাসক শওকত আলীকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। আব্দুল আলীর অভিযোগ অস্বীকার করে শওকত আলী মঙ্গলবার আদালতকে বলেন, "তাকে সামরিক আদালতে নেওয়ার ক্ষেত্রে আমার ভূমিকা ছিল না। আইন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়েছিলো।" তিনি বলেন, "কর্নেল তাহের ওই সময় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। তাই তাকে সাধারণ আদালতে বিচার করলে এর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হতো।" সামরিক শাসনকে 'অ্যাবনরমাল' উল্লেখ করে তিনি বলেন, "এ ধরনের পরিস্থিতিতে সেনা কর্মকর্তারা সাধারণত বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে কোনো কাজে পরামর্শ করেন না।" ওই বিচারের সময় সেনাবাহিনীতে দায়িত্ব পালনকারী কর্পোরাল শামসুল হকও মঙ্গলবার আদালতে হাজির হয়ে বক্তব্য রাখেন। তাহেরের সঙ্গে ওই মামলায় তার ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ হয়। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেন এবং সামরিক আদালতে গোপন বিচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরসহ ১৭ জনকে সাজা দেওয়া হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই ওই রায়ের পর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ ২৩ অগাস্টই হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তাদের আবেদনের পর সেই গোপন বিচারের নথি তলব করে হাইকোর্ট। একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/আরএ/জেকে/১৬৩৩ ঘ.