সাতক্ষীরা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে সাতক্ষীরায় স্বামীর ফাঁসির আদেশ হয়েছে।
সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমান সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. রুহুল আমিন (৩১)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার রুদ্রপুর তেলকাড়া গ্রামের মাওলানা আব্দুল গফফারের ছেলে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুহুল আমিনের মা জাহানারা বেগম (৫২) ও ভাই মোখলেছুর রহমানকে (২৫) বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৪ সালে কলারোয়া উপজেলার খোর্দ্দ গ্রামের আব্দুল আজিজের মেয়ে জান্নাতুল ফেরদৌস নাইস (২৩) এর সাথে রুহুল আমিনের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে আব্দুল আজিজ নগদ ৫০ হাজার টাকা ও সংসারের সব জিনিসপত্র দেন। এরপরও যৌতুকের দাবিতে নাইসকে প্রায়ই মারধর করত স্বামী রুহুল আমিন।
এক পর্যায়ে ২০০৭ সালের ৮ মে সকালে নাইসকে বাপের বাড়ি থেকে ১০ হাজার টাকা এনে দিতে বলে রুহুল আমিন। নাইস এতে রাজি না হওয়ায় ওই দিনগত রাতে তাকে প্রহারের এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এরপর রুহুল আমিনের পরিবারের সদস্যরা নাইসকে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে সে আত্মহত্যা করেছে বলে প্রচার করে।
পরদিন ৯ মে সকালে আব্দুল আজিজ গাজী বাদি হয়ে কলারোয়া থানায় ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলায় নাইসের স্বামী রুহুল আমিন, শ্বাশুড়ি জাহানারা বেগম (৫২), দেবর মোখলেছুর রহমান (২৫), মনিরুল ইসলাম (২০) ও প্রতিবেশি আকবর আলীর ছেলে কবির হোসেনকে (৩০) আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আরিফ তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে মামলার অভিযোগ গঠনের সময় রুহুল আমিনের ভাই মনিরুল ইসলাম ও প্রতিবেশি কবির হোসেনকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই মামলার অভিযোগপত্র, ১৩ জন স্বাক্ষীর জবানবন্দি ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক সোমবার রুহুল আমিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৫৬ ঘ.
bdnews24