মাদারীপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে শিবচর পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী।
বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলন করে বিরোধী দল সমর্থিত এই মেয়র প্রার্থী শাহাদাত হোসেন শফিক এই ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, "আওয়ামী লীগ সমর্থিত আবদুল লতিফ মোল্লার (আনারস) পক্ষের লোকজন পৌরসভার ১, ৪, ৬, ৫ ও ৮ নম্বর কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে।"
অবশ্য আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল লতিফ মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, "শাহাদাত হোসেন শফিকের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শিবচরে নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে।"
এদিকে, বিছিন্ন কিছু ঘটনা ছাড়া মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার ১৭টি কেন্দ্র ও শিবচরের ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
কালকিনি পৌরসভার কাষ্টগড় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনেছেন একই দলের 'বিদ্রোহী' প্রার্থী এনায়েত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24