সিরাজগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন মহিলাসহ অন্তত ২২ জন।
উপজেলার ব্রক্ষ্রগাছা ইউনিয়নের কুমারগারা গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আব্দুর রহমান (৭০) কুমারগারা গ্রামের বাসিন্দা।
রায়গঞ্জ থানার ওসি সামসুল হক জানান, কুমারগারা গ্রামের দুই ভাই আব্দুর রাজ্জাক কানু ও গোলাম হোসেনের মধ্যে তিন বছর ধরে জমি নিয়ে বিরোধ ছিলো।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে দায়ের করা এক মামলায় আদালতের নির্দেশে রাজ্জাক সকালে ওই জমিতে ধান লাগাতে যায়। এতে তার ভাই গোলাম দলবল নিয়ে ধান রোপণে বাধা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে রাজ্জাকের পক্ষের লোক আব্দুর রহমান অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫১৮ ঘ.
bdnews24