২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারাব-তে গোলযোগ: একজনকে কারাদণ্ড, গ্রেপ্তার ১

ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সরকার সমর্থক যুবলীগের স্থানীয় এক নেতাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সরকার সমর্থক যুবলীগের স্থানীয় এক নেতাকে। রূপগঞ্জ উপজেলার ওই পৌরসভায় ঢাকার অন্য পৌরসভাগুলোর মতো সোমবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে। তারাব পৌরসভার নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে মাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির নবীর হোসেন নামে একজনকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেন ওই কেন্দ্রের দায়িত্বে থাকা বিচার বিভাগীয় হাকিম আমিনুল ইসলাম পলাশ। অন্যদিকে আদর্শ বিদ্যা নিকেতন কেন্দ্রে হামলা ও ভাংচুরের অভিযোগে পুলিশ ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মনোয়ার হোসেন মনুকে গ্রেপ্তার করে। ওই সময় বরাব আদর্শ বিদ্যা নিকেতন কেন্দ্রে প্রায় ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিলো। গোলযোগের খবর পেয়ে জেলা প্রশাসক মো. সামছুর রহমান ও পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন ওই কেন্দ্রে যান। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট কেন্দ্রে হামলা ও বিশৃঙ্খলার কারণে বেলা পৌনে ১২টার দিকে প্রায় ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিলো। তারাব পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী অভিযোগ করেছেন, তারাব পৌরসভার মাসাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গন্ধর্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগ সমর্থিত কর্মীরা। তিনি বলেন, "থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ সাংবাদিকদের জন্য ইস্যুকৃত পর্যবেক্ষকের কার্ড নিয়ে বিভিন্ন কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ প্রয়োগ ও হুমকি দিচ্ছে।" তবে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত আলী অভিযোগ অস্বীকার করে বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সামসুদ্দৌজা জানান, বিএনপি সমর্থিত প্রার্থীর অভিযোগের কারণে ওই কেন্দ্রে ভোটার ছাড়া আর কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৫৬ ঘ.