ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটের এক দিন আগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন স্থগিত করে আদেশ এসেছে আদালতের।
ওই পৌরসভার নজরুল ইসলাম নামে এক ভোটারের আবেদনে হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দীন ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ সোমবার এ স্থগিতাদেশ দেয়।
চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মঙ্গলবার ভোটগ্রহণ হওয়ার কথা ছিলো। আদালতের সিদ্ধান্তে তা এখন আটকে গেলো।
আদালতে নজরুলের পক্ষে শুনানি করেন তার কৌঁসুলি আনিসুল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ওই পৌরসভায় নির্বাচন তিন সপ্তাহের জন্য স্থগিত করেছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24