পাবনা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সাঁথিয়া উপজেলার মাধপুর এলাকায় ঢাকা-পাবনা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এতে ঘটনাস্থলে আতাইকুলা থানার তেলিগ্রামের লিয়াকত আলী (৪৫) ও তার মেয়ে রুনা খাতুন (২০) এবং সদর উপজেলার রাধানগর এলাকার সাজেদা খাতুন (২২) মারা যায়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রমজান আলী (২৫) নামে আরেকজন।
সাঁথিয়া থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা ছেড়ে আসা পাবনা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।"
আহতদের মধ্যে পাঁচ জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চার জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর পাবনা-নগরবাড়ী মহাসড়কে এক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
এ বিষয়ে আতাইকুলা থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/এমআই/১৩০২ ঘ
bdnews24