ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৌর নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে রোববার মাদারীপুর, রাজবাড়ী ও শেরপুরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে রাজবাড়িতে গ্রেপ্তার এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ জেলায় একই অভিযোগে ৯৯টি মটরসাইকেল আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
মাদারীপুর: কালকিনি পৌরসভায় ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় রোববার বিকালে এমারত হোসেন নামে এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
এমারত পৌর নির্বাচনে আওয়ামী লীগের 'বিদ্রোহী' মেয়র প্রার্থী এনায়েত হোসেনের ভাই।
কালকিনি থানার ওসি মো. মশিউর রহমান সাংবাদিকদের জানান, পৌর এলাকার পালপাড়া এলাকা থেকে এমারত হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি আরো বলেন, এমারতকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজবাড়ী: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রোববার সন্ধ্যায় গোয়ালন্দের আড়ৎপট্টি থেকে সুলতান মৃধা নামে (২২) এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
পরে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন গোয়ালন্দ থানার ওসি আলী নূর।
তিনি জানান, রাজবাড়ীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মোহম্মদ আব্বাস উদ্দিন সুলতানকে এই সাজা দেন।
সময় শেষ হওয়ার পরও রাজবাড়ী শহরে প্রচারণা চালানোর সময় পুলিশ ৯৫টি মটরসাইকেল আটক করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি শরাফত উল্লাহ।
একই অভিযোগে পাংশা থানা পুলিশ চারটি মটরসাইকেল আটক করেছে বলে জানিয়েছেন ওসি মোয়াজ্জেম হোসেন।
শেরপুর: নির্বাচনের আগেই পৌর মেয়র প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মো. হুমায়ুন কবিরের (আনারস) বিজয়ের ব্যানার লেখার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
তাদের কাছ থেকে দুটি লিখিত ব্যানারও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটকৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের সুলতান আহমেদ (৫০) ও চকসাহাব্দী গ্রামের ইসমাইল হোসেন (৩২)।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় পৌর এলাকার বাইরে সদর উপজেলার কুসুমহাটি বাজারে ইসমাইল হোসেনের ব্যানার লেখার দোকানে হুমায়ুন কবিরের বিজয় উৎসবের ব্যানার লেখার সময় সদর থানা পুলিশ ব্যানারসহ হাতেনাতে দুজনকে আটক করে।
শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন জানান, দুজনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।
হুমায়ুন কবিরের নির্বাচনী এজেন্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল সাংবাদিকদের কাছে দাবি করেন, এটা বিএনপি প্রার্থীর পক্ষ থেকে তাদের বেকায়দায় ফেলার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।
এ ঘটনার সংগে আওয়ামী লীগ বা তাদের প্রার্থীর কোনো সমর্থক জড়িত নয়।
বিএনপি সমর্থিত প্রার্থী মো. আব্দুর রাজ্জাক আশীষের (দেয়ালঘড়ি) নির্বাচনী এজেন্ট জেলা বিএনপি'র সভাপতি এ কে এম ছাইফুল ইসলাম কালাম বলেন, নিজেরা অতি উৎসাহী হয়ে অপকর্ম করে সে অপকর্মের দায়ভার তাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ ও আনারস প্রতীকের সমর্থকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24