২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাত পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আবুধাবীর স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটে সেখানে পৌঁছান হাসিনা। তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন এবং আমিরাতের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। পরে মোটর শোভাযাত্রায় শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীদের আমিরাত প্যালেসে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। চার দিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা আমিরাত প্যালেসে থাকবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, জ্বালানি সচিব মো. মেজবাউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব এম আবুল কালাম আজাদ এবং এফবিসিসিআই'র সভাপতি এ কে আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার সকাল ৯টায় আবুধাবীর উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্দেশ্যেই প্রধানমন্ত্রীর এ সফর। ৩০ সদস্যের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। শাহজালাল বিমানন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সঙ্গে আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের একটি সমঝোতা স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে ৫ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। সে দেশে কর্মরত বাংলাদেশিরা গত অর্থবছর ১৮০ কোটি ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী আরব আমিরাতের মন্ত্রী ও নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটে (বিশ্ব ভবিষ্যৎ জ্বালানি সম্মেলন) ভাষণ দেবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৪৯ ঘ.