সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা নিয়ে রিট আবেদনের শুনানিতে বিএনপি নেতা মওদুদ আহমদকেও আদালতে তলব করা যায় বলে মনে করেন মো. আনোয়ার হোসেন।
মওদুদের লেখা একটি বইয়ে ওই বিচারের প্রসঙ্গ আসায় তাহেরের ভাই আনোয়ারের মত, বিএনপি নেতাকে জিজ্ঞাসা করা হলে অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে।
মওদুদের 'ডেমোক্রেসি অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট' শিরোনামে বইয়ে 'দ্য ট্রায়াল অব তাহের' অধ্যায়ে ১৯৭৬ সালে সামরিক আদালতে কর্নেল তাহেরের বিচার এবং তাতে জিয়াউর রহমানের ভূমিকা উঠে এসেছে।
বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য মওদুদ তার বইয়ে লিখেছেন, পাকিস্তান থেকে প্রত্যাগত সেনা কর্মকর্তাদের সমর্থনে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন, যা দেশের প্রথম সামরিক আইন প্রশাসক নিজেই স্বীকার করেছেন।
১৯৯৫ সালে মওদুদের বইটি যখন প্রকাশ হয়, তখন তিনি আরেক সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের গড়া দল জাতীয় পার্টিতে ছিলেন। পরে যোগ দেন বিএনপিতে।
স্বাধীনতার আগে এবং অব্যবহিত পরে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন মওদুদ। এরপর জিয়ার সঙ্গেও তার সুসম্পর্ক গড়ে ওঠে। তবে এরশাদ সরকারের মন্ত্রিপরিষদেই প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি।
তাহেরের গোপন বিচারের বৈধতা নিয়ে তার ভাই ও স্ত্রী উচ্চ আদালতে রিট আবেদন করলে দুই যুগের বেশি সময় আগের বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনায় উঠে আসে।
ওই রিট আবেদনের শুনানিতে সর্বশেষ গত ১৩ জানুয়ারি গোপন আদালতে কর্নেল তাহেরের বিচার চলার সময়কার ঢাকার জেলা প্রশাসক (ডিসি) এমএম শওকত আলীকে তলব করেছে।
এর একদিন আগেই ১৯৭৫ সালের নভেম্বর থেকে '৭৬ এর অগাস্ট পর্যন্ত সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশুসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম, ঠিকানা ও অবস্থান আগামী ১৮ জানুয়ারির মধ্যে জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয় আদালত।
কর্নেল তাহেরের ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত মওদুদ আহমদকে তলব করলে ওই বিচার সম্পর্কে মওদুদের কাছে জিয়ার স্বীকারোক্তি সম্পর্কে জাতি আরো অনেক কিছু জানতে পারতো।"
তাহেরের সঙ্গে গোপন বিচারের সম্মুখীন হয়েছিলেন আনোয়ার হোসেনও। তবে তার কারাদণ্ড হয়।
মওদুদ তার বইয়ে লিখেছেন, ব্রিটিশবিরোধী সংগ্রামী ক্ষুদিরাম ও সূর্যসেনের পর রাজনৈতিক মামলায় প্রথম মৃত্যুদণ্ডের শিকার হন কর্নেল আবু তাহের।
তাহেরের বিচারে গঠিত সামরিক আদালতের চেয়ারম্যান ছিলেন প্রত্যাগত সেনাকর্মকর্তা। এছাড়া তাহেরের দণ্ড দানের বিষয়ে ৪৬ জন সেনা কর্মকর্তাদের নিয়ে জিয়ার ডাকা একটি সভায় পাকিস্তান ফেরত কর্মকর্তারা মৃত্যুদণ্ডের পক্ষে সমর্থন জানান বলেও বইতে উল্লে
bdnews24