২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির ওপর ক্ষোভ বার সভাপতির

প্রধান বিচারপতি এখতিয়ার বহির্ভূত কাজ করে উচ্চ আদালতের বিচার ব্যবস্থাকে 'ধ্বংস' করছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 09:46 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এখতিয়ার বহির্ভূত কাজ করে উচ্চ আদালতের বিচার ব্যবস্থাকে 'ধ্বংস' করছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, "প্রধান বিচারপতি তালিকা করে বিভিন্ন মামলা বণ্টন করে দিচ্ছেন। গত ৪০ বছরে এ রকম হয়নি। সাংবিধানিকভাবে এটা তার এখতিয়ার বহির্ভূত।" "প্রধান বিচারপতির কাজ হচ্ছে বেঞ্চ পুনর্গঠন করা। তালিকা করে মামলা বণ্টন করে দেওয়া তার কাজ নয়। একজন ব্যক্তির খামখেয়ালির কারণে উচ্চ আদালতের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে", বলেন মাহবুব। তিনি বলেন, "এর মাধ্যমে বিচারপ্রার্থীরাই শুধু হতাশ হয়নি, আইনজীবীরাও বিক্ষুব্ধ হচ্ছে। এর ফলে নিষ্পত্তি করার মত কোনো মামলা হাতে না থাকায় অনেক আদালতের বিচারকরা বেলা ১২টার পর উঠে যান।" বিচারক নিয়োগে দলীয়করণ হচ্ছে অভিযোগ করে বার সভাপতি বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিশেষ উদ্দেশ্যে এসব করা হচ্ছে।" হাইকোর্টের বিচারপতিরা স্বাধীন উল্লেখ করে তিনি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান। আইনজীবী সমিতির শামসুল হক চৌধুরী হলে সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজাসহ বিএনপি সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৪০ ঘ.