২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসির স্কুলবাস চালু হলো ঢাকায়

প্রাথমিকভাবে পল্লবী থেকে আজিমপুর পর্যন্ত ২৬টি স্কুলের শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য রাজধানীতে চালু হলো বিআরটিসির স্কুলবাস সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিকভাবে পল্লবী থেকে আজিমপুর পর্যন্ত ২৬টি স্কুলের শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য রাজধানীতে চালু হলো বিআরটিসির স্কুলবাস সার্ভিস। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন শনিবার মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ে স্কুলবাস সার্ভিস উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী জানান, রাজধানীতে উড়াল সড়ক নির্মাণের জন্য আগামী বুধবারই চুক্তি হবে। শনিবার উদ্বোধন হলেও রোববার থেকে পল্লবী থেকে আজিমপুর পর্যন্ত ১৪টি বাস চলাচল করবে। এ বাসগুলো এ রুটের ২৬টি স্কুলের শিক্ষার্থীদের বহন করবে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এবং ১১টা থেকে ৩টা পর্যন্ত এ বাসগুলো শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে। স্কুল শুরু ও ছুটির সময়েই শুধু এগুলো চলাচল করবে। শিক্ষার্থীদের নিরাপদে আনা-নেওয়ার জন্যে এ বাসগুলোকে শিক্ষার্থীদের উপযোগী করে সাজানো হয়েছে। এতে শিশুদের জন্য কার্টুন ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থাও থাকছে। মূলত রাজধানীর যানজট নিরসনেই স্কুলবাস চালুর এ উদ্যোগ। উড়াল সড়কের বিষয়ে মন্ত্রী বলেন, "এলিভেটেড এক্সপ্রেস নিয়ে যত রকমের বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে তা ঠিক নয়। এ মাসের ১৯ তারিখেই থাইল্যান্ডের একটি কোম্পানির সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হবে।" রাজধানীর উত্তরা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ এ সড়ক বর্তমান সরকারের আমলেই শেষ করার বিষয়ে আশাবাদী আবুল হোসেন। পদ্মা সেতুর বিষয়ে তিনি জানান, এ বছরের জুলাই মাসেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। স্কুলবাস চালুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান এমএম ইকবাল, যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান, শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৪০৫ ঘ.