২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে দুর্ঘটনায় ১০ পুলিশ নিহত

নরসিংদীতে ট্রাকের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে বেলাব থানার ওসিসহ ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 07:02 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

নরসিংদী, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে ট্রাকের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে বেলাব থানার ওসিসহ ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সদস্য নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা । ঘটনাস্থলে নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বেলাব থানার ওসি ফারুক আহমেদ খান, একই থানার কনস্টেবল নারায়ণ চন্দ্র, কনস্টেবল মাসুদ পারভেজ, কনস্টেবল কঙ্কন এবং ড্রাইভার বজলু। হাসপাতালে নিহত বাকি পাঁচজন ওই থানায়ই কর্তব্যরত। তাদের পরিচয় পাওয়া যায়নি। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে বেলাব থেকে পুলিশ ভ্যানে চড়ে হতাহতরা জেলা শহরে আসছিলেন বলে নরসিংদীর পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূইয়া সাংবাদিকদের জানিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ পুলিশ সদস্য। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, নরসিংদী জেলা প্রশাসক অমৃত বাড়ৈ ঘটনাস্থল পরিদর্শন করেন। দুঘর্টনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত মহা-পরিদর্শক (প্রশাসন) এ কে এম শহিদুল হক এবং সাধারণ সম্পাদক উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) মনিরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এসআইএম/আরএ/এমআই/পিডি/২০৪৮ ঘ.