২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

রাজধানীর রামপুরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে একজন। দুজনই ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 05:57 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে একজন। দুজনই ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোররাতে পশ্চিম রামপুরার বালুর মাঠ এলাকায় ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) স্বাধীন চন্দ্র তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নিহত যুবকের নাম শ্যামল (২৫)। তার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানার খইলাক গ্রামে। তার বাবা আব্দুল হাকিম দিনশ্রমিক। দুই ভাই তিন বোনের মধ্যে সে সবার ছোট। শ্যামলের বড় ভাই খায়রুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্যামল সাভারে একটি জুতার কারখায় কাজ করতো। সাত মাস পর শুক্রবার দুপুরে সে মেরাদিয়ায় আমার বাসায় বেড়াতে আসে। দুপুরে দুই ভাই একসঙ্গে খাওয়া দাওয়া করি। এরপর শ্যামল বাসা থেকে বের হয়।" তিনি বলেন, "সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামপুরা থানা পুলিশ তাকে পূর্ব রামপুরা থেকে ধরে নিয়ে যায়।" রাত ১২টার দিকে তাকে থানায় আনে ও রাত ২টার দিকে গাড়িতে করে আবার থানা থেকে বের করে নিয়ে যায় বলে খায়রুল জানান। তার দাবি শ্যামল কখনও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল না। আহত অনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, "আমার নাম আসিফ হোসেন অনিক। বাসা ১৬৯/১৩/৩ পূর্ব রামপুরা। শুক্রবার ওই এলাকার একটি মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়া মাত্র কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে নেয় রামপুরা থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও উপ-পরিদর্শক সাত্তার হোসেন।" তাকে চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘুরানো হয় এবং পুলিশ জানতে চায় অস্ত্র কোথায়। একবার তাকে থানায়ও নিয়ে যাওয়া হয় বলে সে জানায়। রাত ২টার দিকে পুলিশ তাকে চোখ বেঁেধ পশ্চিম রামপুরার বালুর মাঠে নিয়ে যায়। প্রথমে সে একটি গুলির শব্দ শুনতে পায়। পরে তার পায়ে গুলি করা হয় বলে অনিক জানায়। অনিকের মা এস এস মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনিক নবম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করেছে। বর্তমানে স্থানীয় একটি কম্পিউটারের দোকানে চাকুরি করে। তিন ছেলের মধ্যে অনিক ছোট। বাবার নাম রফিক। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। পুলিশ কর্মকর্তা স্বাধীন বলেন, "বালুর মাঠে কয়েকজন যুবক রাত ২টার দিকে ছিনতাই করার পরিকল্পনা আঁটছিলো। পুলিশের একটি টহল দল তাদের দেখে ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।" 'বন্দুকযুদ্ধের' এক পর্যায়ে অনিক ও শ্যামল গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায় বলে স্বাধীন জানান। এরপর রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকালে শ্যামলের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগের সহকারি রেজিষ্ট্রার রাজিব জোয়ার্দার সাংবাদিকদের বলেন, "শ্যামলের বাম হাটুর নিচে একটি গুলির ক্ষত ছিল। ওই স্থান অনেকটা শুকনো ছিল। ক্ষত স্থানটি গুরুতর ছিল না।" তিনি বলেন, "এত কম জখমে সাধারণত কেউ মারা যায় না। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে কিনা তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।" শ্যামল ও অনিকের কাছে একটি রিভলবার, এক রাউন্ড গুলি এবং ২ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে বলে পুলিশ জানায়। রামপুরা থানার ওসি সায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, "শুক্রবার দুপুরে রাবিয়া খাতুন নামের এক মহিলা উলন রোডে ছিনতাইকারীদের কবলে পড়েন। ওই সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে হাসান নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। হাসানের সঙ্গীরা দুই রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায়।" হাসানের স্বীকারোক্তি অনুযায়ী শ্যামল ও অনিককে শুক্রবার সন্ধ্যায় পূর্ব রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, রাত ২টার দিকে পশ্চিম রামপুরায় বালুর মাঠে অন্য ছিনতাইকারীদের ধরার জন্য তারা এই দুইজনকে নিয়ে যান। মাঠে যাওয়া মাত্র সেখানে অবস্থানরত অন্য ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁেড়। শ্যামল ও অনিক দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ গুলি ছুড়ঁলে তারা দুজন গুলিবিদ্ধ হয়। অনিক ও শ্যামল এলাকায় চিহ্নিত ছিনতাইকারী দলের সদস্য বলে ওসি জানান। উপ-পরিদর্শক স্বাধীন চন্দ্র তালুকদারের দেওয়া তথ্য প্রত্যাখান করে ওসি বলেন, "আসলে সে (এসআই) জানত না যে গুলিবিদ্ধ অনিক ও শ্যামল পুলিশের কাছে ছিল।" তবে ওই সময় শ্যামল ও অনিক হাতকড়া পড়া অবস্থায় ছিল বলে ওসি জানান। হাতকড়া পড়া অবস্থায় তারা কিভাবে দৌড় দিল এমন প্রশ্ন করলে ওসি কোন সঠিক উত্তর দিকে পারেনি। এদিকে অনিকের খালা রোকেয়া বেগম সাংবাদিকদের বলেন," অনিকে ধরে নিয়ে যাওয়ার পর ওই থানার এসআই সাইফুল ও সাত্তার তার কাছে দেড় লাখ টাকা চান। না দিলে তাকে চৌদ্দ সিকে ঢুকানোর হুমকি দেন।" তিনি বলেন, "টাকা না দেওয়ায় অনিককে গুলি করা হয়েছে।" তবে ওসি সায়েদুর টাকা চাওয়ার কথা প্রত্যাখান করে বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যা কথা। থানার আশে পাশে অনেক দালাল ঘুরে ফিরে। তারা যদি চেয়ে থাকে সেটাতো আমার নজরে আসবেনা।" গত সপ্তাহে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন জন নিহত হওয়ার পর শনিবার পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধের' এ ঘটনা ঘটলো। মানবাধিকার সংগঠন অধিকারের হিসাবে দেশে ২০১০ সালে ১২৭ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা ১০১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এমআই/কেএমএস/২০১৪ ঘ.