২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নাটোরের লালপুরে এক ব্যক্তি আহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

নাটোর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নাটোরের লালপুরে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চকনাজিপুর মহল্লার একটি মুরগি খামারের পরিত্যক্ত ঘরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ বোমার তৈরির উপকরণ জব্দ করেছে। আহত ব্যক্তির নাম- মজনু রহমান (৩৫)। বিস্ফোরণে তার বাম হাত, পেট ও ডান পা পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। লালপুর থানা জানায়, সন্ধ্যা সোয়া পাঁচটায় চকনাজিপুর মহল্লার মজনু রহমানের বাড়ির পাশের মুরগির খামারে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এতে মজনু রহমান গুরুতর জখম হন। বাড়ির অনান্য লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বনপাড়ার বেসরকারি আমেনা হাসপাতালে ভর্তি করে। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর পরপরই বাড়ির লোকজন ওই ঘরে তালা লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ওই ঘরের তালা ভেঙ্গে ভেতরে ঢোকে। তারা ঘরের মেঝেতে বিস্ফোরণের কারণে হওয়া একটি গর্ত দেখতে পায়। এছাড়া গর্তের পাশে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ওই ঘরে বস্তা দিয়ে ঢেকে রাখা কিছু জর্দার কৌটা, টেপ ও প্লাস্টিকের টুকরা উদ্ধার করে। ঘরের পাশের আখের জমি থেকেও কিছু টিনের তৈরি কৌটা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ঘটনাস্থলে বোমা বানানো হচ্ছিলো। তবে আহত মজনুর ভাই আল মামুন দাবি করেন, বিস্ফোরণে নয়, তার ভাই বিদ্যুতের সর্টসার্কিট জনিত দুর্ঘটনায় আহত হয়েছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নাসিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জব্দ করা নমুনা দেখে ধারণা হচ্ছে, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মজনু আহত হয়েছে। তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.