২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার দুপুরে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে প্রীতম ফ্যাশন ওয়্যার গার্মেন্টসে এই আগুন ধরে। দমকলকর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষের দাবি, আগুনে তৈরি পোশাক, থান কাপড় ও যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। কারখানাটির পরিচালক রাসেল আহম্মেদ জানান, দুপুর ১টার দিকে কারখানার আটতলা ভবনটির পঞ্চম তলায় কাটিং সেকশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ছুটির দিনে কারখানা বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে রপ্তানির জন্য রাখা বিপুল পরিমাণ তৈরি পোশাক, থান কাপড় ও মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে তাদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির বলেন, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৯ ঘ.