চাঁদপুর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের মেঘনা নদীতে ৩ জেলে নিখোঁজ রয়েছে।
বুধবার সন্ধ্যায় এই জেলেরা মাছ ধরতে যায়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
এই ঘটনায় হাইমচর উপজেলার নীলকমল নৌ-পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ জেলেদের পক্ষে চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর গ্রামের কাজল প্রধানিয়া ওই জিডি করেন।
নিখোঁজ জেলেরা হলো কাজল প্রধানিয়ার ছোট ভাই চুন্নু মিয়া প্রধানিয়া (৩৫), ভাতিজা রাসেল প্রধানিয়া (২২) ও একই গ্রামের মোস্তফা বেপারী (৪০)।
কাজল প্রধানিয়া সাংবাদিকদের জানান, এই তিনজন বুধবার সন্ধ্যায় মেঘনা নদীতে মাছ শিকারে নামে। বৃহস্পতিবার সকালে তাদের চরভৈরবীতে ফেরার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তারা ফিরে আসেনি। বৃহস্পতিবার দিনভর মেঘনা নদীতে ট্রলারযোগে মাইকিং করেও তাদের সন্ধান পাওয়া যায় নি।
শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় এই জেলেরা পথ হারিয়েছেন বলে ধারণা করছেন কাজল প্রধানিয়া।
নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ বিষয়টি তদন্ত করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৩২ ঘ.
bdnews24