ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- বাংলাদেশে পাঁচদিনের সফর শেষে শুক্রবার সকালে ঢাকা ছেড়ে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে।
ড্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে সকাল ১০টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।
শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে তার ঢাকা ত্যাগ করার কথা থাকলেও কুয়াশার কারণে ফ্লাইট বিলম্বিত হয় বলে বিমানবন্দরের অভিবাসন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
থিনলের সফরসঙ্গী হিসেবে ছিলেন ভুটানের ব্যবসায়ী প্রতিনিধিসহ ১৯ জনের একটি প্রতিনিধিদল।
সফরে তিনি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
শ্রদ্ধা নিবেদন করেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। এছাড়া মংলা বন্দরের অবকাঠামো এবং সুন্দরবন পরিদর্শনে যান।
গত সোমবার বাংলাদেশে আসেন ভুটানের প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/১১০০ ঘ.
bdnews24