২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যাচার্য সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী

বাংলা ভাষার অন্যতম প্রধান সাহিত্যিক সেলিম আল দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 04:50 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা ভাষার অন্যতম প্রধান সাহিত্যিক সেলিম আল দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী শুক্রবার। ২০০৮ সালের এই দিনে তিনি মৃত্যুবরন করেন। রবীন্দ্রপরবর্তী বাংলা নাট্যসাহিত্যে সেলিম আল দীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলা নাটকের মূল সুর প্রতিষ্ঠায় নিরলস কাজ করেছেন। রচনা করেছেন প্রথম বাঙলা নাট্যকোষ। বাঙালির নিজস্ব বর্ণনাত্মক নাট্যরীতিকে সর্বজনগ্রাহ্য করার জন্য দীর্ঘ গবেষণার পর রচনা করেছেন 'মধ্যযুগের বাঙলা নাট্য' শীর্ষক আকরগ্রন্থ। এই গ্রন্থে তিনি বাঙলা নাটকের হাজার বছরের ইতিহাস রচনার সূত্রসমূহকে আবিষ্কার করলেন। বৃটিশ ঔপনিবেশিক ধ্যান-ধারণাপুষ্ট প্রচলিত নাটকের ইতিহাস তিনি প্রত্যাখ্যান করেন তাঁর গবেষণায়। তিনি প্রমাণ করেন নাটকের ক্ষেত্রে বাঙালির রয়েছে বিশ্বসভ্যতার সমান বয়সী ইতিহাস। সেলিম আল দীনের এই গবেষণা তাঁকে বাঙলা নাটক ও সাহিত্যের ইতিহাসে অমর করে রাখবে। ১৯৪৯ সালের ১৮ অগাস্ট ফেনী জেলার সেনেরখিলে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। তিনি একাধারে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতাদের একজন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করে তিনি নাটককে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তাঁর রয়েছে সাড়া জাগানো বেশকিছু নাট্য উপাখ্যান। এগুলোর মধ্যে কেরামতমঙ্গল, কিত্তনখোলা, হাতহদাই, বনপাংশুল, চাকা, হরগজ, প্রাচ্য, নিমজ্জন, ধাবমান ও পুত্র উল্লেখযোগ্য। কর্মের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদ ও বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। সেলিম আল দীনের রচনা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। নাট্যাচার্য সেলিম আল দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাবি তিন দিনের কর্মসূচি পালন করছে। এ ছাড়াও দেশব্যাপী গ্রাম থিয়েটার অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠন দিবসটি পালন করছে যথাযথ মর্যাদায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১০৪৫ ঘ.