২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের কাশেম হত্যা মামলার রায় ২৪ জানুয়ারি

শেরপুরের নকলার মোজাকান্দা গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম হত্যা মামলায় আগামি ২৪ জানুয়ারি রায় ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নকলার মোজাকান্দা গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম হত্যা মামলায় আগামি ২৪ জানুয়ারি রায় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন। পূর্ব শত্র"তার জের ধরে ২০০৪ সালের ১৫ জুলাই নকলা বাজারের পার্শ্ববর্তী লয়খা গ্রামে টানা সেতুর কাছে আবুল কাশেমকে হত্যা করে একই গ্রাম ও পাশের গ্রামের কয়েকজন। মামলার বিবরণে জানা যায়, হত্যাকারীদের কারো কারো বিরুদ্ধে দায়ের করা অপর একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন আবুল কাশেম। ঘটনার দিন তিনি শেরপুরের অতিরিক্ত জেলা জজ আদালত থেকে মামলার সত্যায়িত কপি আনতে গিয়েছিলেন। ফেরার পথে আসামিরা তার ওপর হামলা চালায়। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় ২৩ জনকে আসামি করে নিহতের ভাই মোজাফফর আহমেদ নকলা থানায় মামলা করেন। ময়মনসিংহের আদালতে রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য গ্রহণের পর গত বছরের অক্টোবরে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য এ আদালতে স্থানান্তর করা হয়। এ আদালতের বিশেষ কৌসুঁলি এস এম রফিকুল ইসলাম জানান, এ আদালতে রাষ্ট্রপক্ষে ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার আসামিদের মধ্যে পলাতক রয়েছেন ৮ জন আর জামিনে থেকে বিচারের মুখোমুখি হচ্ছেন ১৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/২৩২৩ ঘ.