ফেনী, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের মাষ্টারপাড়ায় সাপ্তাহিক হাজারিকা পত্রিকা কার্যালয়ের আসবাবপত্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকালে কয়েকজন মুখোশপরা তরুণ আগুন দেয় বলে স্থানীয়রা জানায়।
এ ঘটনায় পুলিশ মো. জালাল নামে একজনকে আটক করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিকাল ৫টার দিকে ২০/২২ জন মুখোশপরা তরুণ আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর বাসার সামনে সাপ্তাহিক হাজারিকা পত্রিকা অফিসে যায়। তারা সার্কুলেশন ম্যানেজার মিহির আচার্য্যকে বের করে দিয়ে কার্যালয়ের ভেতর থেকে ভাঙা চেয়ার, টেবিল, বইয়ের তাকসহ আসবাবপত্র রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে তারা পালিয়ে যায়। পরে পুলিশ ও এলাকাবাসী আগুন নেভায়।
ফেনীর পুলিশ সুপারিনটেনডেন্ট মো. ইমাম হোসেন ঘটনাস্থল দেখে এসেছেন।
তিনি বলেন, ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন সেটও উদ্ধার করা হয়েছে।
লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.
bdnews24