ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ বেসরকারি সংস্থার (এনজিও) জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্প নীতিগত অনুমোদন দিয়েছে জলবায়ু পরির্বতন সংক্রান্ত ট্রাস্টি বোর্ড। তবে এক্ষেত্রে ব্যয় কমানো হয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ে জলবায়ু পরির্বতন সংক্রান্ত ট্রাস্টি বোর্ডের সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয় সভায়।
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সভা শেষে সাংবাদিকদের জানান, মন্ত্রণালয়ের 'জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইউনিট' ও বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) যৌথভাবে এ দক্ষতা বৃদ্ধির কাজটি করবে।
পরিবেশ প্রতিমন্ত্রী জানান, ব্যয় কমিয়ে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এসব সংস্থাকে অনুমোদিত ব্যয় অনুযায়ী কাজ করার জন্য প্রস্তাব করা হবে। এজন্য তাদের সঙ্গে আলোচনাও করা হবে। কোনো সংস্থা এ ব্যয় বরাদ্দ অনুযায়ী কাজ করতে না পারলে ট্রাস্টি বোর্ডের কাছে ব্যাখ্যা দিতে হবে।
এ ছাড়া এ পর্যন্ত ট্রাস্টি বোর্ডের মাধ্যমে অনুমোদিত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সরকারি ও বেসরকারি প্রকল্পগুলোর কর্মকাণ্ড এবং কার্যক্রম বিশেষজ্ঞ তৃতীয় সংস্থার মাধ্যমে পর্যালোচনা করা হবে।
তাৎক্ষণিকভাবে জনগণের উপকারে আসবে- এমন প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে অন্যগুলো বিবেচনায় না আনারও সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রতিমন্ত্রী।
বোর্ডের সদস্য খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমেদ, বুয়েটের উপ-উপাচার্য হাবিবুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ এবং অর্থ ও পরিবেশ সচিব সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৫৫ ঘ.
bdnews24