২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু কেন্দ্রে অনিয়ম হয়েছে: বিএনপি

কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুললেও খুলনা ও বরিশাল বিভাগে পৌর নির্বাচন 'মোটামুটি' শান্তিপূর্ণ বলে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুললেও খুলনা ও বরিশাল বিভাগে পৌর নির্বাচন 'মোটামুটি' শান্তিপূর্ণ বলে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। প্রধান বিরোধী দলের আপত্তি বরিশালের গৌরনদী, মেহেন্দীগঞ্জ এবং স্ব^রূপকাঠী পৌরসভার নির্বাচন নিয়ে। দেশব্যাপী পৌর নির্বাচনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বরিশাল ও খুলনার ৪৯টি পৌরসভায় ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয়েছে গণনা। বিএনপি প্রথম দিনের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দ্বিতীয় দিনের মধ্যভাগে এসে অনিয়মের অভিযোগ তোলে। তবে ভোটগ্রহণের পর তাদের সুর ছিলো কিছুটা নরম। প্রথম দিনে রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি পৌরসভায় নির্বাচনে বেশিরভাগ স্থানে বিএনপি সমর্থকরা মেয়র পদে জয়ী হয়। বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "তিনটি স্থান ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কিছু কেন্দ্রে সরকারি দলের ক্যাডাররা আমাদের এজেন্ট বের করে দিয়েছে।" নজরুল দুপুরের মতো সন্ধ্যার সংবাদ সম্মেলনেও গৌরনদী ও মেহেন্দীগঞ্জে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন। ওই দুটির সঙ্গে স্বরূপকাঠীর নেসারাবাদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে একতরফাভাবে ভোটগ্রহণ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নজরুল বলেন, "ওইসব কেন্দ্র দখল করে ভোট কারচুপি হয়েছে। আমাদের কোনো এজেন্টকে সেখানে থাকতে দেওয়া হয়নি, বের করে দিয়েছে। সাধারণ ভোটাররাও ভোট দিতে পারেননি। তাই ওইসব কেন্দ্রে ভোটের ফলাফল ঘোষণা করা উচিৎ হবে না।" একই সঙ্গে বুধবার রাজশাহী ও রংপুর বিভাগের পৌর নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচি, দিনাজপুরের সেতাবগঞ্জে গণনায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা। হবিগঞ্জে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী জি কে গউস এর পোস্টার সরকারি দলের কর্মীরা ছিড়ে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এমএ কাইয়ুম, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান, সাধারণ সম্পাদত শরাফত আলী সপু, যুবদলের সহসভাপতি আবদুস সালাম আজাদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৩০ ঘ.