২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে ডিসিসি নির্বাচন হচ্ছে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের সব প্রস্তুতি থাকা সত্ত্বেও সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস কার্যক্রমের কারণে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

কিশোরগঞ্জ/নরসিংদী, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের সব প্রস্তুতি থাকা সত্ত্বেও সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস কার্যক্রমের কারণে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। বৃহস্পতিবার কিশোরগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, "ঢাকা সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণ এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের পর এসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে।" এর আগে সকালে সিইসি ভৈরব উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মাণাধীন সার্ভার স্টেশন পরিদর্শন করেন সিইসি। সিইসি আরো বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন হওয়ার যোগ্যতা রাখলেও সরকারের সিদ্ধান্তে সেখানে পৌর নির্বাচন হচ্ছে। চলমান পৌর নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দীকুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম। বিকালে সিইসি এটিএম শামসুল হুদা নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় সার্ভার স্টেশন পরিদর্শনে যান। সেখানে সিইসি সাংবাদিকদের বলেন, নরসিংদী পৌরসভার নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করায় সেখানে ১৭ জানুয়ারি নির্বাচন হতে আর বাধা নেই। এক মেয়রপ্রার্থীর আবেদনে নরসিংদী পৌরসভার নির্বাচন ১৫ দিনের জন্য স্থগিত করে মঙ্গলবার আদেশ দিয়েছিলো হাইকোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ বৃহস্পতিবার সে আদেশ স্থগিত করেছে। সিইসি বলেন, রায় নির্বাচন কমিশনের পক্ষে থাকায় ১৭ জানুয়ারি নরসিংদী পৌরসভার নির্বাচনের তারিখ বহাল রাখা হয়েছে। নরসিংদী জেলা সদরে পৌর নির্বাচনে সেনা মোতায়েন থাকবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১২ ঘ.