২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে দুটিতে বিএনপি, একটিতে আ.লীগের 'বিদ্রোহী'

চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভার নির্বাচনের ফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 07:50 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভার নির্বাচনের ফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী দুটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। একটি পৌরসভায় জিতেছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী। অন্যটিতে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বুধবার রাত সোয়া ১টায় পৌরসভাগুলোর ফল ঘোষণা শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মতিন। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার জাহান তাকে বিজয়ী ঘোষণা করেন। মতিন ভোট পেয়েছেন ৩২ হাজার ১৯৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত লতিফুর রহমান পেয়েছেন ২৭ হাজার ২১৩ ভোট। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত মঈনুদ্দিন মণ্ডল পেয়েছেন ২২ হাজার ৪৮৯ ভোট। গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রাথী গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন সাত হাজার ৭৯০ ভোট। রিটার্নিং কর্মকর্তা সাজ্জাদুল হাসান জানান, গোলাম মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত জালাল উদ্দীন মুক্তি পেয়েছেন চার হাজার ৫১৫ ভোট। শিবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এ জেড এম শারজিল হাসান জানান, বিএনপি সমর্থিত প্রার্থী শিবগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র শামিম কবির হেলিম আবার নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন দশ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কারিবুল হক রাজিন পেয়েছেন আট হাজার ১৪ ভোট। নাচোল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিক ইমাম জানান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক চৌধুরী (মিঠু চৌধুরী) মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন দুই হাজার ৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী কামারুজ্জামান পেয়েছেন এক হাজার ৩৫০ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০১২৯ ঘ.