২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতা দেবে সরকার'

নারীর ক্ষমতায়নে সরকার পোশাক শিল্পের নারী শ্রমিকসহ সব কর্মজীবী নারীকে মাতৃত্বকালীন ভাতা দেবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 04:28 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর ক্ষমতায়নে সরকার পোশাক শিল্পের নারী শ্রমিকসহ সব কর্মজীবী নারীকে মাতৃত্বকালীন ভাতা দেবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ৩৮টি বেসরকারি ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফরম সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও বাংলাদেশ আয়োজিত 'সিডও সনদের পূর্ণ বাস্তবায়ন' শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন। শিরীন শারমিন চৌধুরী জানান, সিডও সনদ বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গৃহীত কার্যক্রমের ওপর ভিত্তি করে নির্ধারিত সময়ের মধ্যে ইউএন সিডও কমিটির কাছে তার রিপোর্ট জমা দিয়েছে। সুনির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থাপিত সুপারিশমালার আলোকে পদক্ষেপ নেওয়া হবে। সিডও সনদের পূর্ণাঙ্গ অনুমোদনের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। এজন্য অন্যান্য দেশের অভিজ্ঞতা পর্যালোচনা করে খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান। সম্মেলনে বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী-পুরুষের বৈষম্য দূর করে সমঅধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন। তাই অবিলম্বে সিডও সনদের ওপর রাষ্ট্রের সংরক্ষণ প্রত্যাহার করতে হবে। সম্মেলনে সিডও বিকল্প প্রতিবেদন উপস্থাপন করেন আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেন এবং উইমেন ফর উইমেন এর সদস্য রওশন জাহান। এছাড়াও বিকল্প প্রতিবেদনে উল্লেখিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সালমা খান, রাশেদা কে চৌধুরী, শাহীন আনাম, সালমা আলী, রোকেয়া কবীর, নিতাই কান্তি দাসসহ আরও অনেকে। সম্মেলনে ৩৮টি বেসরকারি ও মানবাধিকার সংগঠনসহ ৫০০টিরও বেশি অঞ্চলিক সংগঠন অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। সঞ্চালক ছিলেন স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২২২২ ঘ.