লালমনিরহাট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম)- আমানতের ১২ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা পোস্টমাস্টার ওমর ফারুক।
মঙ্গলবার দুপুরের পর তিনি এক গ্রাহকের তিনলাখ ও আমানতের নয়লাখ টাকা নিয়ে কার্যালয় থেকে চলে যান।
এ ঘটনা তদন্তে বুধবার রংপুরের উপ পোস্টমাস্টার জেনারেল মো. ইউনুছ আলীর নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মো. ইউনুস আলী বলেন, অসুস্থ হয়ে আদিতমারী উপজেলা পোস্টমাস্টার একরামূল হক ছুটিতে থাকায় গত ২৪ অক্টোবর তার জায়গায় দায়িত্ব পালন করছিলেন ওমর ফারুক।
মঙ্গলবার ছুটি শেষে একরামূল হক কাজে যোগদিতে আদিতমারী এসেছেন।
ওমর ফারুকের মূল কর্মস্থল জেলার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার পোস্ট অফিস।
ওমর ফারুক গত রোববার (৯ জানুয়ারি) লালমনিরহাট প্রধান ডাকঘর থেকে স্বাক্ষরমূলে সহকারী পোস্ট মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) শামসুজ্জোহার কাছ থেকে নয়লাখ টাকা নেন। টাকা গ্রহণের আগে প্রাপ্তি স্বীকার করার কথা থাকলেও তা করা হয়নি।
ওই টাকা ওমর ফারুককে কেন দেওয়া হয়েছে তা তদন্ত কর্মকর্তা জানাতে পারেননি। শামসুজ্জোহার সঙ্গেও যোগাযোগ করা যায়নি।
ওইদিনই দুপুরে কামিনীকান্ত নামের এক গ্রাহক তিন বছর মেয়াদী সঞ্চয় হিসাবে তিনলাখ টাকা রশিদমূলে জমা দেন। কামিনীকান্ত চলে যাওয়ার কিছুক্ষণ পর ওমর ফারুক অফিস ত্যাগ করে আর ফেরেননি।
যাওয়ার সময় তিনি ওই গ্রাহকের জমা দেওয়া তিনলাখ ও প্রধান কার্যালয় থেকে আনা নয়লাখ টাকা নিয়ে যান বলে তদন্ত দল প্রধান জানান।
ওমর ফারুকের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায়। মঙ্গলবার রাতে বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তদন্ত দল প্রধান ইউনুস আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১১ ঘ.
bdnews24