চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৃথক অভিযানে একটি মলম পার্টির নেতাসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামের ডবলমুরিং ও হাটহাজারী এবং নোয়াখালীর মাইজদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ এতে নেতৃত্ব দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- দলনেতা আমীর হোসেন (৩৬), সদস্য মেরাজ উদ্দিন (৩৮), বাকের হোসেন ওরফে আজাদ (৩৫), মোহাম্মদ কাশেম (৩৫), আবু সিদ্দিক (২৮), সাহাবুদ্দিন (৩১) ও মোহাম্মদ ইমরান (৩২)।
পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একুশে টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দারের খোয়া যাওয়া ল্যাপটপ এবং মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করেছে।
গত ২৮ ডিসেম্বর রাতে নগরীর খুলশী থানার আকবর শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে রিয়াজকে অজ্ঞান করে এই চক্রের সদস্যরা তার জিনিসপত্র লুটে নেয়।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা মলম পার্টির সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা নগরীর বিভিন্ন স্থানে মলম লাগিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা যাত্রীদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেওয়ায় জড়িত।
তিনি বলেন, "গ্রেপ্তারকৃতরা নগরী ও জেলার বিভিন্ন স্থানে ছিনতাই এবং অন্যান্য অপরাধে যুক্ত। তাদের বেশিরভাগই মলম লাগিয়ে ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত।"
এসআই মোহসিন আরো জানান, দলনতা আমীর ছিনতাইয়ের ঘটনায় সাজা ভোগ করে এক মাস আগে চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এজে/১৬৩৯ ঘ.
bdnews24