ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে। কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।
কনকনে শীতের মধ্যে দেশের উত্তরের দুই বিভাগে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ দুই বিভাগের নির্বাচনযোগ্য পৌরসভাগুলোয় মোট ২১ লাখ ২৪ হাজার ৩১ ভোটার রয়েছে।
রংপুর বিভাগের ভারপ্রাপ্ত উপ নির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র সরকার সকাল সোয়া ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
দিনাজপুরে সকালের শুরুতেই ভোটার উপস্থিতি বেশ লক্ষ করা গেছে। চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাটসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
দিনাজপুর পৌরসভার শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়া নাসিমুল লায়েল ও রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এত সকালে এত ভোটার দেখে অবাক হয়েছি। তবে শান্তিপূর্ণ পরিবেশ দেখে ভালো লাগছে।"
বগুড়ার বিভিন্ন ভোট কেন্দ্রে নারী সকাল থেকে নারী ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। একই চিত্র দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জেও।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তীব্র শীত হলেও ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।
চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জয়পুরহাটের চারটি পৌরসভার ৪৬টি কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।
জয়পুরহাট পৌরসভার সংরক্ষিত আসনের এক মহিলা কাউন্সিলর প্রার্থীর পক্ষে শহরের জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের টাকা দিতে গিয়ে দুজন আটক হয়েছেন। তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নীলফামারী পৌরসভার মুন্সীপাড়া রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক মেয়র প্রার্থীর হয়ে ভোটারদের প্রভাবিত করায় এক জনকে এক বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া সিরাজগঞ্জে সংসদ সদস্য রোমানা মাহমুদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা যা প্রস্তুতির প্রয়োজন তার সবই নেওয়া হয়েছে। ভোটারা যাতে নির্বিঘে
bdnews24