নড়াইল, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে সুলতান মেলা শুরু হচ্ছে ২০ জানুয়ারি।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এই মেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।
শিল্পীর ৮৭তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন এই মেলার আয়োজক।
সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলায় জারিগান, কবিগান, কাবাডি, কুস্তি, লাঠিখেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকছে।
এছাড়া মেলার সময় প্রতিদিন বিকালে সুলতান মঞ্চে হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক আরো জানান, ১৫ জানুয়ারি থেকে মেলা শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা পেছানো হয়েছে।
শেখ মোহাম্মদ সুলতান ১৯২৩ সালের ১০ অগাস্ট নড়াইলের মাসিমদিয়া গ্রামে জন্ম নেন। ১৯৯৪ সালে মারা যান এই শিল্পী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪০ ঘ.
bdnews24