নারায়ণগঞ্জ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিগত চারদলীয় জোট সরকারের সময়ের তুলনায় অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেন, ঢাকায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনো 'গডফাদার' জড়িত কিনা সেটা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে।
সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় বাংলাদেশ কোস্টগার্ডের নতুন আটটি টর্নেডো ক্লাস বোটের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় সমুদ্র বন্দর দিয়ে। সমুদ্র জলসীমায় জলদস্যু ও অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠেছে। উপকূলীয় অঞ্চলে চোরাচালান বন্ধ, দস্যুতা রোধ, নাশকতামূলক কর্মকান্ড দমন এবং জেলেদের নিরাপত্তায় কোষ্টগার্ড গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।
এছাড়া বঙ্গোপসাগরের প্রাকৃতিক গ্যাস, তেল ও অন্যান্য খনিজ সম্পদ রক্ষায় কোস্টগার্ডের গুরুত্ব অপরিসীম।
মন্ত্রী বলেন, দেশের উপকূলীয় এলাকায় ১০টি কোস্টগার্ড স্টেশন স্থাপনের উদ্দেশ্যে সরকার জমি অধিগ্রহণ শুরু করেছে। এই বাহিনীকে দক্ষবাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
কোষ্টগার্ডের মহাপরিচালক এস এ এম এম আবেদীন জানান, ২৪ কোটি টাকা ব্যয়ে 'উনপঞ্চাশটি জলযান সংগ্রহ কর্মসূচি'র আওতায় আটটি টর্নেডো ক্লাস হাইস্পিড বোট (বড়) নির্মাণের সিদ্ধান্ত হয়। গত ১৮ ফেব্র"য়ারি সিঙ্গাপুরের একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়।
২০১০ সালের ১৮ র্মাচ প্রথম চালান ও ডিসেম্বরে দ্বিতীয় চালানে বোটগুলো হস্তান্তর করা হয়। উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিন, জিপিএস ও ইকোসাউন্ডার সম্বলিত হওয়ায় দেশের উপকূলীয় অঞ্চলের অপারেশন পরিচালনায় সক্ষম এসব জলযান।
বিশেষ করে সুন্দরবন, দক্ষিণ অঞ্চলের দুর্গম নৌ-পথে বোট সমূহ জলদস্যুতা দমন, চোরাচালান প্রতিরোধ এবং জরুরি উদ্ধার কাজসহ গুরুত্বপূর্ণ অভিযানে এসব যান ব্যবহার করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য সারাহ্ বেগম কবরী, নজরুল ইসলাম বাবু ও সানজিদা খানম, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, কোস্টগার্ডের মহাপরিচালক এস এ এম এম আবেদীন, জেলা প্রশাসক (ডিসি) মো. সামছুর রহমান, পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বিশ্বাস আফজাল হোসেন, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৪ ঘ.
bdnews24