২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এমএলএম ব্যবসার নীতিমালা চূড়ান্ত শিগগির'

কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক বার্তার পর বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন দেশে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার জন্য শিগগিরই নীতিমালা চুড়ান্ত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক বার্তার পর বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন দেশে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার জন্য শিগগিরই নীতিমালা চুড়ান্ত করা হবে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ে বেশকিছু অভিযোগ পেয়েছি আমরা। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে।" তিনি বলেন, "এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে রাখতে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করে তার ওপর মতামত সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই খসড়াটি চূড়ান্ত করা হবে।" নীতিমালায় কী থাকবে সে সম্পর্কে কিছু না জানালেও ফারুক খান বলেন, "আমরা এমনভাবে নীতিমালা করবো যাতে মানুষ প্রতারিত না হয়।" এমএলএম ব্যবসায় কিছু প্রতিষ্ঠান উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণামূলকভাবে অর্থ সংগ্রহ করছে বলে রোববার সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে স্বর্ণের বাজার কিংবা মুদ্রা বাজারে বিনিয়োগের নামে কিছু প্রতিষ্ঠান মাসে ১০ শতাংশেরও বেশি মুনাফার আশ্বাস দিয়ে অর্থ সংগ্রহ করছে। দুর্নীতি দমন কমিশন এরকম কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকটি এমএলএম প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ ব্যাংক স্থগিত করেছে। এরপরও তারা অন্য নামে কার্যক্রম চালাচ্ছে। ২০১০ সালে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে ৭০টি এমএলএম কোম্পানি রয়েছে। তিনটি এমএলএম প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে রোববারই সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত বছরের ১০ অক্টোবর গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সে বছরেরই ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে এক সভায় এমএলএম কোম্পানিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা আনার জন্য একটি নীতিমালা তৈরির জন্য কমিটি গঠন করা হয়। গত ২৩ সেপ্টম্বর ওই কমিটি একটি খসড়া নীতিমালা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/পিডি/১৮৪৮ ঘ.