২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে হত্যা ও বাবাকে হত্যাচেষ্টায় গ্রেপ্তার এক

রাজধানীতে শিশুকে হাত-পা ও মুখ বেঁধে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা ও তার বাবাকে হত্যাচেষ্টার সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে শিশুকে হাত-পা ও মুখ বেঁধে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা ও তার বাবাকে হত্যাচেষ্টার সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাজুল ইসলাম সাগর নামে ওই সন্দেহভাজনকে মাদারিপুরের কালকিনির উত্তর আকালবুড়ি গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে রোববার গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি জোনের উপ-কমিশনার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তার করা হয়। শনিবার শিশু দীপ্তদাস শুভকে (১০) পানিতে ডুবিয়ে এবং তার বাবা বিভূতি রঞ্জন দাসকে (৪০) জবাই করে হতার চেষ্টা করা হয়। তারা ৩৪ কেবি রোডের বাসিন্দা। ওইদিন দুপুর আড়াইটার দিকে গোঙানি শুনে আশপাশের মানুষ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে পুলিশ গিয়ে বিভূতিকে বিছানার ওপর এবং শুভকে টয়লেটে পানির ড্রাম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। বাবা-ছেলে দুজনকেই শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দীপ্তকে মৃত ঘোষণা করেন। গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্র্শক (এসআই) সুবাস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার জানান, হত্যাকাণ্ডটি সাগরই ঘটিয়েছে। তার সঙ্গে আরো চারজন ছিল বলে আহত বিভুতি রঞ্জন দাস পুলিশকে জানিয়েছেন। সুবাস পাল জানান, সাগর মাদকসেবি। তার বাবা নাম সিরাজ হোসেন একটি মুদি দোকান চালান। এ ঘটনায় তাজুলকে আসামি করে গেণ্ডারিয়া থানায় বিভূতি রঞ্জন রোববার মামলা করেছেন বলে জানান এসআই সুবাস। তাজুল ইসলামই তার ছেলেকে হত্যা এবং তাকে হত্যার চেষ্টার করেন বলে রোববার সাংবাদিকদের জানান হাসপাতালে চিকিৎসাধীন বিভূতি রঞ্জন। তিনি বলেন, "শনিবার সকাল ১১টার দিকে সাগর দরজা নক করলে আমি দরজা খুলে দেই। সে তখন প্রায় এক ঘণ্টা আমার সঙ্গে আলাপ করে।" কথাবার্তার এ পর্যায়ে তার ঘরে আরো চারজন কিশোর বয়সের ছেলে ঢোকে জানিয়ে বিভূতি বলেন, "সাগর শুভকে টান দিয়ে কাছে টেনে নেয়। এ সময় সে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে খাটে শুইয়ে আমার হাত-পা বেঁেধ ফেলে। এ সময় সাগর আমার কাছে চাবি চায়। আমি চাবি দেই এবং কোথায় টাকা রয়েছে তা বলি।" "এরপর ঘরে থাকা ৩৫ হাজার টাকা নিয়ে তারা বারান্দার পানির পাইপ দিয়ে নেমে পালিয়ে যায়।" বাবা বিভূতিকে ছেলে দীপ্তর মৃত্যুর খবর এখনো জানানো হয়নি। তিনি সাংবাদিকদের বলেন,"শুভকে দেখতে পাই না। তবে শুনেছি সেও আহত হয়েছে, তাই তাকে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।" রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে দীপ্তর লাশ পোস্তাগোলা শশ্মানে দাহ করতে নেওয়া হয় বলে জানান তার আত্মীয় গৌতম দে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২৩২৭ ঘ.