ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে রোববার রাতে গণপিটুনিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের গুলিতে আহত হয় দুইজন।
সন্ত্রাসীরা চাঁদা চাইতে গেলে স্থানীয় লোকজন এক সন্ত্রাসীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে পুলিশ ওই আহত সন্ত্রাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর সেকশন-২, ব্লক-এ'র ২ নম্বর সড়কের কনফিডেন্ট ওয়াশিং ফ্যাক্টরীর সামনে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা এই ফ্যাক্টরীর মালিকের কাছে এর আগে কয়েকবার চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন সন্ত্রাসী এসে প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মী ফখরুল ইসলামকে (২৬) গুলি করে। এ সময় স্থানীয় অধিবাসীরা চাঁদাবাজদের ধাওয়া করলে তাদের গুলিতে সাব্বির (২৩) নামের এক পথচারী আহত হয়।
জনতা এক সন্ত্রাসীকে ধরে বেধড়ক পিটুনি দেয়। তার কাছ থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
ফখরুল ইসলামকে স্থানীয় বুশরা ক্লিনিকে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০০৫০ ঘ.
bdnews24